২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অজ্ঞান পার্টির ২ সদস্য গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

মাদারীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। শুক্রবার ভোররাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরী গ্রামের মোল্লা ফিলিং স্টেশনের কাছ থেকে এদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া গ্রামের খোকন সরকার (২৮) ও মাদারীপুরের শিবচর উপজেলার নিলখী গ্রামের রনি মাদবর (২৫)। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে ভোররাত ৪টার দিকে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে টহল পুলিশ তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা অজ্ঞান পার্টির সদস্য বলে স্বীকার করেন। ওসি আরো বলেন, উত্তর কাউয়াকুরী গ্রামের মো. মজিবর মাতুব্বর বৃহস্পতিবার সকালে ফরিদপুরের গোয়ালচামট হাট থেকে খোকন সরকার ও রনি মাদবরকে কাজ করার জন্য বাড়ি আনে। সারাদিন কাজ করার পর রাতে তারা ওই বাড়ির সবাইকে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে অজ্ঞান করে ফেলে। এরপর তারা মোবাইল ফোন সেট, স্বর্ণের অলঙ্কার ও টাকা নিয়ে সরে পড়ে। ওসি জানান, লুণ্ঠিত মাল নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে ধরা পড়ে তারা। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩২ ঘ.