ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা কফিল উদ্দিন মাহমুদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তার পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
মরহুমের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ এশা ধানমণ্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ সড়কপথে গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নিজ গ্রাম দক্ষিন ধর্মপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়। সেখানে শনিবার দুপুরে ধর্মপুর স্কুল মাঠে নামাজে জানাজা শেষে পাটোয়ারি বাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
কফিল উদ্দিন মাহমুদের মরদেহ শুক্রবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতাল থেকে ধানমণ্ডির ১১/এ সড়কের ৭২ নং বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভ্যার্থীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন কফিল উদ্দিন মাহমুদ। তিনি বাংলাদেশ সরকার অর্থ সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
মরহুমের শ্বশুড় সুলতান আহমেদ পূর্ব পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২০৫৩ ঘ.
bdnews24