নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি তৈরি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে দমকল বাহিনী।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে এমভি নিট ফ্যাশন কারখানার সাত তলা ভবনে এ ঘটনা ঘটে।
ভবনের দোতলায় আগুন লেগে উপরের সব তলায় ছড়িয়ে পড়ে। তবে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সহ-সভাপতি মোহাম্মদ হাতেম কারখানাটির মালিক।
নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ, বন্দর, ঢাকার পোস্তগোলাসহ ফায়ার সার্ভিস সদর দপ্তরের ১২টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারখানার দ্বিতীয় তলার কার্যালয় ও নমুনা শাখায় (স্যাম্পল সেকশন) প্রথম আগুন লাগে। পরে বাকি তলাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।"
তিনি জানান, খবর পেয়ে ঢাকা থেকে উঁচু মইয়সহ দমকল বাহিনীর একটি গাড়ি এলেও বিসিক এলাকার রাস্তা সরু হওয়ায় তা ভেতরে ঢুকতে পারেনি।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে জরুরি ভিত্তিতে একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায়।
কারখানার মালিক বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে।"
তিনি জানান, যুক্তরাজ্য, স্পেন, জার্মানিসহ বিভিন্ন দেশে রপ্তানির জন্য মজুদ করা পোশাকগুলো পুড়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব পোশাক পাঠানোর কথা ছিলো।
পুড়ে যাওয়া অন্যান্য মালের মধ্যে রয়েছে- ১২টি কম্পিউটার, দু'টি ফ্রিজ, ছয়টি এসি, কারখানার যন্ত্রপাতি ও আসবাবপত্র।
ফতুল
bdnews24