চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে সড়কের দুপাশের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুুধবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চকবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব দোকান উচ্ছেদ করা হয়।
অভিযানে সাতটি দোকান ও একটি গাড়িকে মোট এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ ছালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চকবাজারের নিউ চক সুপার মার্কেট থেকে ধনিরপুল ফুলতলা পর্যন্ত সড়কের উপর অবৈধভাবে এসব দোকান করা হয়েছিলো।
অবৈধ দোকান উচ্ছেদ ছাড়াও অপরিচ্ছন্ন পরিবেশ ও মানহীন উপকরণ ব্যবহার করে খাবার তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
শেখ ছালেহ জানান, ভেজাল রং, পোড়া তেল, পঁচা ডিম, অ্যামোনিয়া ও ময়লা-আবর্জনা পাওয়ায় চিটাগাং ফুডসকে ৫০ হাজার টাকা এবং ফয়েজ বেকারিকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সড়কের অংশবিশেষ দখল করে গড়ে ওঠা দোকানে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছিলো। কয়েকজন দোকান মালিক নিজেদের দোকানের সামনে সড়কের অংশে অবৈধভাবে ফলের দোকান বসিয়েছিলো।
ফল ব্যবসায়ীদের কাছ থেকে তারা দৈনিক ১০০ টাকা ভাড়া আদায় করতো।
এরকম তিনটি দোকানের মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সড়কের একাংশ দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি ক্রোকারিজ ও একটি মাংসের দোকানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট আরো জানান, অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় একটি প্রাইভেটকারকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমএসবি/২১৫৩ ঘ.
bdnews24