২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি'র মহিলা ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন মহিলা ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন মহিলা ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রথীন্দ্রনাথ সেন সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর-১ ফেরদৌস বেগম মুন্নীর বিরুদ্ধে এ মামলা করেন। বুধবার বিকালে মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে এ মামলা দায়ের করা হয়। বাদিপক্ষের আইনজীবী আইয়ুব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এতে তার স্বামী আবদুল কাইয়ুমকেও আসামি করা হয়েছে। মুন্নী পরপর তিনবার নির্বাচিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মামলার বাদি রথীন্দ্রনাথ সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সরোয়ার জাহানের নির্দেশে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে এ মামলা করা হয়। তিনি জানান, ওয়ার্ড কাউন্সিলর মুন্নী ও তার সহযোগীরা নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় জেলা পরিষদের নিজস্ব জায়গা ২০০৭ সাল থেকে অবৈধভাবে দখল করে রেখেছিলেন। জেলা পরিষদের পক্ষ থেকে গত বছরের ৫ ডিসেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে জেলা পরিষদ ওই স্থানে সেমিপাকা মার্কেট নির্মাণের কাজ শুরু করে। প্রকৌশলী রথীন্দ্রনাথ আরও অভিযোগ করেন, কাউন্সিলর মুন্নী ও তার সহযোগীরা গত বছরের ১৮, ২৭ ও ৩১ ডিসেম্বর এবং মঙ্গলবার মার্কেটের নির্মাণকাজে বাধা দেন এবং কাজে নিয়োজিত শ্রমিকদের নানা ভয়ভীতি দেখিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যান। এ অভিযোগ প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর মুন্নী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পরিষদ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই 'অবৈধভাবে' মার্কেট নির্মাণ করছেন। তিনি আইনগতভাবে এ মামলা মোকাবেলা করবেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান মুন্নী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৪৫ ঘ.