২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাব: একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে দায়িত্ব হস্তান্তর

জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটিকে পুরোনো কমিটি দায়িত্ব হস্তান্তরের পরপরই এক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটিকে পুরোনো কমিটি দায়িত্ব হস্তান্তরের পরপরই এক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা এসেছে। নির্বাচনে পরাজিত প্রার্থীদের করা মামলায় ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক শেখ মো. মুজাহিদ উল ইসলাম বুধবার দুপুরে নতুন কমিটির দায়িত্ব নেওয়ার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়। এর আগে সকালেই প্রেসক্লাবে পুরনো কমিটি ও বর্তমান কমিটির এক যৌথসভায় দায়িত্ব হস্তান্তর হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শওকত মাহমুদ। গত ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হয়। নির্বাচন কমিটি ঘোষিত ফলাফলে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির ১৩টি পদে জয়ী হয় বিএনপি সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত সারওয়ার-সাইফুল প্যানেল চারটি সদস্য পদে জয়ী হয়। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সারওয়ার-সাইফুল প্যানেল ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের ফল বাতিল চেয়ে পরাজিত প্রার্থী গোলাম সারওয়ার ও সাইফুল আলম বুধবার ঢাকার আদালতে মামলা করলে আদালত নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয়। মামলায় নির্বাচন কমিটির সভাপতি জাকারিয়া পিন্টু, নতুন সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ১৩ জনকে বিবাদি করা হয়েছে। বাদি পক্ষের আইনজীবী শ্রী প্রাণনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কমিটির দায়িত্ব গ্রহণের ওপর কেন অস্থায়ী নেিষধাজ্ঞা দেওয়া হবে না- তার কারণ এক দিনের মধ্যে জানাতে ওই ১৩ জনকে আদেশ দিয়েছে আদালত। আদালতের আদেশের আগে সকালে প্রেসক্লাবে নতুন সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদকে ফুল দিয়ে স্বাগত জানায় সদস্যরা। কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। জাতীয় প্রেসক্লাবের মর্যাদা ও সম্মান রক্ষায় আমি সব কাজ করে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম//আরএ/এমআই/১৪০০ ঘ.