মাগুরা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা জেলা কারাগারে বন্দি ১৮ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদি মারা গেছেন।
নিহত ফারুক খান (৪৮) সদর উপজেলার রাউতড়া গ্রামের ইমদাদ খানের ছেলে।
কারা কর্তৃপক্ষ বলছে, অসুস্থ ফারুক খানকে মঙ্গলবার রাতে হাসাপতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কারাগারের জেলার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ফারুক খান ডাকাতি ও অস্ত্র মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি। ইতিমধ্যে তিনি ১০ বছর সাজা খেটেছেন।
তিনি বলেন, "ফারুক খান মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।"
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অরুণ কান্তি ঘোষ বলেন, "ফারুক খানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়না তদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১৯ ঘ.
bdnews24