২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীত বাড়লেও শীতবস্ত্র নেই পথশিশুদের

জানুয়ারির শুরুতে দেশে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগ বাড়িয়েছে পথশিশুদের। অন্ন সংস্থানের জন্য প্রাণান্ত চেষ্টার মধ্যে শীতবস্ত্র কেনার সামর্থ্য তাদের হয় না। ঢাকার পথশিশুদের দুর্ভোগের কথা শোনাচ্ছেন শামীম আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2011, 04:59 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোর সাড়ে ৬টা। চারদিকে ঘন কুয়াশা। সদরঘাট টার্মিনালে ৮ থেকে ১০ বছরের কয়েকটি শিশু জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। কারো গায়ে শীতবস্ত্র নেই। কয়েকটি চট জড়িয়ে ঘুমিয়ে আছে তারা। একই অবস্থা টার্মিনালে থাকা আরো কয়েকশ পথশিশুরও। পথশিশু আরমান আলী বললো, শীতে প্রতিটি দিনই যাচ্ছে প্রচণ্ড কষ্টে। খাবার নেই, নেই শীতবস্ত্রও। জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাজধানীর পথশিশু ও ফুটপাতবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পথশিশুরা জানায়, গত বছর বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান শীতবস্ত্র বিতরণ করলেও এবার এখন পর্যন্ত কেউ তা দেয়নি। ফলে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ২০০৪ এ চালানো এক জরিপে জানানো হয়, দেশে প্রায় ৪ লাখ ২৯ হাজার পথশিশু রয়েছে। এদের মধ্যে প্রায় আড়াই লাখ থাকে ঢাকায়। সদরঘাট এলাকার পথশিশু সোহরাব জানায়, লঞ্চ থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করাসহ কুলিগিরির কাজে ওই এলাকায় কাজ করে শতাধিক পথশিশু। দিনে তাদের আয় হয় ৪০ থেকে ৫০ টাকা। আর এ টাকার পুরোটাই চলে যায় খাবার কিনতে। ফলে শীতবস্ত্র কেনার সুযোগ হয় না। গত সোমবার রাত সাড়ে ৯টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় গিয়ে দেখা যায়, মার্কেটের বারান্দায় ছোট ছোট দলে ৫ থেকে ৬ জন পথশিশু জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। কেউ শীত নিবারণের জন্য একটি চটের বস্তা জোগাড় করেছে, আবার কেউ কিছু না পেয়ে উম্মুক্তভাইে ঘুমাচ্ছে। ১২-১৩ বছরের রহিমের হাতে-পায়ে নানা ধরনের চর্মরোগ। শীতবস্ত্র নেই কেন- জানতে চাইলে রহিম বললো, "সোয়েটার বা জ্যাকেট কেনার চেয়ে সে টাকায় পেটের ক্ষুধা মেটানো ভালো।" কারওরান বাজার এলাকায় পিন্টু নামে এক পথশিশু জানায়, অনেকে শীতবস্ত্র দিয়ে গেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। তাই সবাই তা পায় না। আর রাত যাপনের জন্য নির্দিষ্ট জায়গা না থাকাতে কম্বল বা অন্যকিছু ত্রাণ পেলে অনেকেই তা বিক্রি করে খাবার জোগাড় করে বলে জানায় কারওয়ান বাজারের পথশিশু হাশেম। গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, মিরপুর ১০ নম্বর গোল চত্বর, নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, বঙ্গবাজারসহ রাজধানীর অন্য এলাকা ঘুরেও পথশিশুদের শীতবস্ত্রের অভাব দেখা যায়। তবে এর মধ্যেও গুলিস্থান এলাকার পথশিশু সায়েদুর বললো, "একটি মাসই তো শুধু কষ্ট। চালিয়ে নেওয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১০৫০ ঘ.