২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এদেশ ধনী মানুষের রাষ্ট্রে পরিণত হয়েছে: মিজান

বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে যেমন হওয়ার কথা তা আজো হয়নি। এদেশ ধনী মানুষদের রাষ্ট্রে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

সাতক্ষীরা, জানুয়ারি০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে যেমন হওয়ার কথা তা আজো হয়নি। এদেশ ধনী মানুষদের রাষ্ট্রে পরিণত হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক সমাবেশে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, "৭৫ পরবর্তী সময়ে রাষ্ট্রের চরিত্র নষ্ট হয়ে গেছে। এ চরিত্র ফিরিয়ি দিতে হবে। যারা আমাদের জাতীর দুর্ভোগের কারণ সরকারকে তাদের বিচার করতে হবে।" উপজেলা পরিষদ মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বিশ বছর পদার্পন ও বার্ষিক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিশন প্রধান বলেন, "১৯৭১ সালে মানুষ যুদ্ধ করেছিল এদেশের মানবসত্তার মর্যাদা প্রতিষ্ঠা, সাম্যতা ও সামাজিক ন্যায় বিচারের জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো স্বাধীনতার ৪০ বছর পরও আমরা একটি সুস্থ-সুন্দর জাতি গড়তে পারিনি।" বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে কমশিন তাদের অবস্থান ব্যাখ্যা করেছে জানিয়ে মিজান বলেন, "ইতোমধ্যে বিচার বহির্ভূত তিনটি হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।" আইলা দুর্গতদের সম্পর্কে তিনি বলেন, ঘূর্ণিঝড় আইলার আঘাতে যারা এখনো দুর্গত জীবনযাপন করছে তাদের দায়িত্ব সরকারকেই নিতে হবে। এসব অসহায় মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে রাষ্ট্রকেই পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আ. জ. ম. আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাদত হোসেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী, সুশীলনের সহকারী পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, মানবাধিকার নেত্রী নাজমুল নাহার ঝুমুর প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.