২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাফর উল্যাহর সাজা বাতিল

সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর দুই বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর দুই বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জাফর উল্যাহর আপিল আবেদনে বিচারপতি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ মঙ্গলবার সাজা বাতিলের এ রায় দেয়। সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৯ মার্চ দুর্নীতি দমন কমিশন মামলাটি করে। গুলশান থানায় করা ওই মামলায় ওই বছরের ২৪ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত রায় দেয়। রায়ে কাজী জাফর উল্যাহকে দুই বছরের কারাদণ্ডের আদেশ হয়। একই আদালত মঙ্গলবার জাফর উল্যাহের বিরুদ্ধে মানি লন্ডারিং ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অন্য দুটি মামলাও বাতিল করেছে। এ দুটি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ নেতার করা রিট আবেদনে এ আদেশ হয়। কমিশনের উপসহকারী পরিচালক আবুল কাশেম গুলশান থানায় এ দুটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯০০ ঘ.