২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে সেনা মোতায়েনের চিন্তা আছে: সিইসি

জাতীয় সংসদের দুই আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ময়মনসিংহ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের দুই আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, "পৌর নির্বাচনে ঢালাওভাবে সেনা মোতায়েন না করলেও হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের ব্যাপারে চিন্তা করা হচ্ছে।" মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে নির্বাচন কমিশনের নির্মাণাধীন কম্পিউটার সার্ভার স্টেশন পরিদর্শনকালে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। সর্বশেষ গত বছরের ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিরোধীদল সেনা মোতায়েনের দাবি জানালেও কমিশন তা করেনি। তখন কমিশন বলেছিলো, অতীতে কখনো উপনির্বাচনে সেনা মোতায়েন হয়নি। এ ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা রয়েছে। হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার দিন গত ২২ ডিসেম্বর সিইসি বলেছিলেন, বাংলাদেশের শুরু থেকেই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সামরিক বাহিনী চাওয়ার বিষয়টি আসতো না। আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য দেওয়ান ফরিদগাজী ও আব্দুল হাই সাচ্চুর মৃত্যুতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আসন দুটি শূন্য হয়। আগামী ২৭ জানুয়ারি এই দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিইসি আরো বলেন, "নির্বাচন শুধু একা নির্বাচন কমিশন বা প্রশাসনের দায়িত্ব নয়। এতে রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবাইকে আমাদের সহযোগিতা করতে হবে। জনগণ যাকে ভোট দিতে চায় তাকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে।" গায়ের জোরে নির্বাচন করলে সেটা তো আর গণতন্ত্র হয় না, বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার আবারো বলেছেন, ফেব্র"য়ারিতে এসএসসি পরীক্ষার কারণে ইউপি নির্বাচন করা সম্ভব নয়। আগামী মার্চে পর্যায়ক্রমে সারা দেশে বিভাগওয়ারী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নির্বাচন কমিশনের সব প্রস্তুতি রয়েছে বলেন তিনি। সার্ভার স্টেশন পরিদর্শনের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন ও ফরিদ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে সিইসি মুক্তাগাছা উপজেলায় নির্মাণাধীন কম্পিউটার সার্ভার স্টেশন পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০১ ঘ.