২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

রাজশাহীর পুঠিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

রাজশাহী, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছেন। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সভাপতি জিএম হীরা বাচ্চু, ছাত্রলীগকর্মী রবিউল, আফসার, মোতালেব, আহসান ও রাকিব। এছাড়া পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলামসহ ৩/৪ জন পুলিশ আহত হয়েছে। আহতরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ থেকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেনের নেতৃত্বে মিছিল বের করে। তারা জেলা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলামের অনুসারী। একই সময় পুঠিয়া বাজার থেকে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারার সমর্থক জেলা ছাত্রলীগের সভাপতি জিএম হীরা বাচ্চু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে অপর একটি মিছিল বের হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানায়। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা একটি বাস ভাংচুর করে। এতে প্রায় এক ঘণ্টা রাজশাহী-পুঠিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে বলে ওসি জিয়াউল আলম সাংবাদিকদের জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫৩০ ঘ.