২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈত্যপ্রবাহ: চাঁদপুরে ৩৫টি চরে দুর্ভোগ

শৈত্যপ্রবাহে চাঁদপুর জেলার প্রায় ৩৫টি চরের বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছে। সেখানে সরকারি বা বেসরকারিভাবে কেউ শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 07:45 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

চাঁদপুর, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শৈত্যপ্রবাহে চাঁদপুর জেলার প্রায় ৩৫টি চরের বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছে। সেখানে সরকারি বা বেসরকারিভাবে কেউ শীতবস্ত্র নিয়ে এগিয়ে আসেনি। এসব চরে এখনো পর্যন্ত কারো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম অলিউল্ল্যাহ সরকারিভাবে প্রাপ্ত ৫০টি কম্বল নিয়ে বিপাকে পড়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই উপজেলার জন্য মাত্র ৫০টি কম্বল পাওয়া গেছে। এগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে লোকজনের মধ্যে বিতরণ করা হবে।" হাইমচর উপজেলায় চর রয়েছে ২৫টি। এর মধ্যে বড়গুলো হলো মাঝেরচর, মিয়ার বাজার, ঈশানবালা, চরকাশেম, চরজালালপুর, লালমিয়ার চর, সাহেবগঞ্জ, ডাকেরচর, গাজীপুর চর, মনিপুর, ফতেজংপুর, দিয়ারাকান্দি, মোল্লাকান্দি চর। এসব চরের লোকসংখ্যা ১ লাখের উপর। এরা কৃষি ও মৎসজীবি। হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই উপজেলার চরের লোকজন শৈত্যপ্রবাহে চরম কষ্টে দিনাতিপাত করছে। তাদের সাহায্যে কেউ এগিয়ে আসছে না। ঠাণ্ডায় প্রতিদিনই শিশু ও বয়স্ক লোকজন অসুস্থ হয়ে পড়ছে। তাদেরকে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমার এখানে তহবিল নেই। রাজস্ব আয় নেই। নদীভাংতি এলাকা। এই বছর এ উপজেলার জন্য সরকারিভাবে যে ৫০টি কম্বল বরাদ্দ এসেছে তা আমি জানি না।" চরবাসীকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে না এলেও তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে সহযোগিতা করবেন বলে জানান শাহজাহান মিয়া। মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এখানে সরকারিভাবে ১৩০টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এসব কম্বল কিছুদিনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরবাসীর মধ্যে বিতরণ করা হবে। কম্বলের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হওয়ায় অনেক চরবাসী কম্বল প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এদিকে বেসরকারিভাবেও কেউ শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসছে না। এতে বিশেষ করে চরাঞ্চলের লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মতলব উত্তর উপজেলায় চরওয়েস্টার, চরউমেদ, বাহেরচর, চরকাশিম, বোরোচরসহ প্রায় ৮টি চর রয়েছে। এই চরগুলোতে রয়েছে অর্ধলক্ষাধিক লোকের বাস। এরা বেশিরভাগের পেশা কৃষি কাজ ও মাছ শিকার। মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'সরকারিভাবে যা বরাদ্দ আসছে তাই বিতরণ করা হচ্ছে।, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখার কর্মচারী আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলায় এবার সরকারিভাবে অসহায় ও দুস্থ লোকদের সাহায্যের জন্য ১ হাজার পিস কম্বল বরাদ্দ এসেছে। যা ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ শুরু হয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলায় মঙ্গলবার পর্যন্ত শৈত্যপ্রবাহে কারো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার দুপুর পর্যন্ত চাঁদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২১ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৩৭ ঘ.