ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির আহ্বানের এক দিনের মাথায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি মঙ্গলবার তার কাছে সম্পদের হিসাব জমা দিয়েছেন।
সুপ্রিম কোর্টের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সকালে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের কাছে এ হিসাব জমা দেন আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মূসা খালেদ।
সোমবার প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় সব বিচারপতিকে তার কাছে সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান।
এর আগে গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির কাছে তার সম্পত্তির হিসাব জমা দেন।
শীর্ষস্থানীয় ওই কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতির আহবানে দুজন বিচারপতির সম্পদের হিসাব দেওয়ায় সুপ্রিম কোর্টের অপর বিচাপতিরার হিসাব জমা দিতে অনুপ্রাণিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৩১ ঘ.
bdnews24