২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক হুইপ জাহেদ আলী মারা গেছেন

সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী মারা গেছেন। বিএনপির এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী মারা গেছেন। বিএনপির এ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া। জাহেদ আলী মঙ্গলবার সকালে মারা যান বলে তার পরিবারের সদস্য মঞ্জুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, "সকালে বাসায় হৃদরোগে আক্রান্ত হন তিনি (জাহেদ)। তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।" জাহেদ আলীর তার বয়স হয়েছিলো ৬৫ বছর। জাহেদ আলী স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক তিনি। জাহেদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক রাজনীতিককে হারালো। "মুক্তিযোদ্ধা জাহেদ আলী জাতীয়তাবাদী রাজনীতি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন", বলেন তিনি। জাহেদ আলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার রাজধানীতে জাহেদ আলীর তিনটি জানাজা হয়। এরপর তার লাশ রাখা হয়েছে স্কয়ার হাসপাতালের হিমঘরে। বুধবার সকালে মরদেহ শেরপুরের নকলায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাদ আসর বাসাবো খেলার মাঠে প্রথম, নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় এবং বাদ মাগরিব সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাহেদ আলীর তৃতীয় জানাজা হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর তার কফিনে ফুল দেন বিরোধীদলীয় নেতা খালেদা, ডেপুটি স্পিকার শওকত আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। নয়া পল্টনে জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ কর্মী-সমর্থকরা। সেখানে মরদেহ দলীয় পতাকায় আচ্ছাদিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শেরপুর প্রতিনিধি জানান, বুধবার গ্রামের বাড়ি নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের চর ভাবনা কামানির পাড় গ্রামে জাহেদ আলীকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। দুপুরে জাফর আলীর মৃত্যুর খবর শুনে স্থানীয় বিএনপিতে শোকের ছায়া নেমে আসে। পৌর নির্বাচনের এই ব্যস্ততার সময়ও চারটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি নেতা-কর্মীদের প্রচারণা থেমে যায়। অনেকে ঢাকায়ও রওনা হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/১৯১৯ ঘ.