মাদারীপুর/মুন্সীগঞ্জ, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরি চলাচল মঙ্গলবার সকাল ৯টায় পুনরায় শুরু হয়েছে।
দক্ষিণাঞ্চলের এ পথে রাত ২টায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক এমএ বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘন কুয়াশার কারণে ছয়টি ফেরি মাঝনদীতে হাজরা ক্রস চ্যানেলের কাছে আটকা পড়ে। কুয়াশা কিছুটা কমলে ৯টার দিকে ফেরিগুলোকে আবার চালু করা হয়।
মহাসড়ক পুলিশের পাঁচ্চর ফাঁড়ির উপপরিদর্শক মো. আসাদুল ইসলাম বলেন, পারাপার বন্ধ থাকায় রাত থেকেই কাওড়াকান্দি ঘাটে ঢাকামুখী পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকে পড়ে।
মাওয়ায়ও কয়েকশ গাড়ি জমে গেছে। সকালে ফেরি চলাচল শুরু হলেও ঘাটে যানজট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১১৩০ ঘ.
bdnews24