নওগাঁ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খারাপ আচরণ করায় নওগাঁয় এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম ঠিকাদারদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ভবনে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঠিকাদারদের অভিযোগ, ধামইরহাট উপজেলার ইসবপুর সেতুর দরপত্রে অনিয়মের বিষয় নিয়ে অংশগ্রহণকারী ঠিকাদাররা কথা বলতে গেলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।
এতে উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে ঠিকাদাররা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।
পরে নির্বাহী প্রকৌশলী বিষয়টি থানায় জানালে এলজিইডি ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ইথেন এন্টারপ্রাইজের মালিক ইকবাল শাহরিয়ার রাসেল, ঠিকাদার নওশেদ আলী, ভুট্টু, বাবু ও রিন্টু জানান, ধামইরহাটের একটি সেতুর কাজ সর্বনিম্ন দরদাতাকে না দিয়ে ২০/৩০ লাখ টাকা লোকসান দিয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সিলেটের এক ঠিকাদারকে পাইয়ে দেন।
এর প্রতিবাদ করতে গেলে তিনি ঠিকাদারদের সঙ্গে দুর্বব্যহার করলে ঠিকাদাররা তাকে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে প্রকৌশলী আমিনুল ইসলামের কার্যালয়ে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঘটনাস্থলে উপস্থিত নওগাঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫১ ঘ.
bdnews24