ভোলা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে।
সোমবার লালমোহন পৌরসভার দুই মেয়রপ্রার্থী ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন।
তবে তাদের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের সাংসদ শাওন।
দুপুর সাড়ে ১২টার দিকে সংবাদ সম্মেলন করে লালমোহন নাগরিক কমিটি মনোনীত মেয়রপ্রার্থী মিজানুর রহমান পল্টু বলেন, সাংসদ শাওন তার চাচাত ভাই মেয়রপ্রার্থী এমদাদুল ইসলাম তুহিনের পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। তিনি নির্বাচনকে প্রভাবিত করারও চেষ্টা করছেন।
লিখিত বক্তব্যে মিজান আরো অভিযোগ করেন, তুহিনের 'ক্যাডারবাহিনী' তার কর্মীদের গণসংযোগে বাধা দিচ্ছে। এমনকি তার কয়েকজন কর্মীকে মারধর করেছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এছাড়া নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তুহিন তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন মিজান।
এর আগে সকাল ১০টার দিকে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী এনায়েত কবির সংবাদ সম্মেলনে সংসদ সদস্য শাওনের বিরুদ্ধে একই অভিযোগ করেন।
তারা দু'জনই লালমোহন পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়নের দাবি জানান।
দুই মেয়র প্রার্থী জানান, তারা এসব অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার, ভোলা জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে জানিয়েছেন।
এ ব্যাপারে সংসদ সদস্য শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আচরণবিধি লঙ্ঘন করেননি। তার নিজের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। এটা তিনি করতেই পারেন।
তিনি বলেন, মেয়রপ্রার্থী তুহিন মঙ্গলবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বক্তব্য দেবেন।
অভিযোগের ব্যাপারে তুহিনের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
লালমোহন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাংসদ শাওনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ তার কাছে আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24