সাতক্ষীরা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতাকা বৈঠকের মাধ্যমে সোমবার ভারতীয় নাগরিক বাপ্পি মণ্ডলের লাশ ফেরত দেওয়া হয়েছে।
দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্তে সদর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট থানার ওসি হাবিবুর রহমানের কাছে তার লাশ হস্তান্তর করেন।
এর আগে বেলা ২টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত পতাকা বৈঠক হয়।
এতে উভয় দেশের পুলিশ কর্মকর্তা ছাড়াও বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনছুর হেলাল ও ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের এসি অজিত কুমার সিং উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে ভারতের বসিরহাট থানার পাখিডাঙ্গা গ্রামের বাপ্পি মণ্ডলকে (২৪) বিএসএফ কালুপোতা ক্যাম্পের সদস্যরা আটক করে। পরে তাদের মারধরে অচেতন হয়ে পড়লে বিএসএফ সদস্যরা তাকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা সীমান্তের মেইন পিলার ৬ এর কাছে ফেলে রেখে যায়।
শনিবার সকালে সীমান্তের গ্রামবাসী ঘোনা বিডিআর ক্যাম্পে খবর দেয়। বিডিআর সদ্যস্যরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে বিকালে তার মৃত্যু হয়।
এরপর রোববার দুপুরে বিডিআর বাপ্পি মণ্ডলের লাশ সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ ওইদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
লাশ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিডিআর ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার মুনসুর হেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১১ ঘ.
bdnews24