চট্টগ্রাম, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছিনতাই করে পালানোর সময় সোমবার বিকালে চট্টগ্রাম মহানগরীতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ইউনুস আলী (৩৩)।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ষোলশহর এলাকার বন গবেষণা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন- মোহাম্মদ নজরুল, মো. মহিউদ্দিন ও কালু। এদের বয়স ২৩ থেকে ৩০ এর মধ্যে।
পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ইউনুস আলী (৩৩) নগরীর জিইসি মোড় এলাকায় একটি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে রিকশায় বহদ্দারহাট তার বাসায় ফিরছিলেন।
ষোলশহর বন গবেষণা কেন্দ্রের সামনে অস্ত্রধারী তিন ছিনতাইকারী ইউনুসের রিকশার গতিরোধ করে তার বাম পায়ে চাপাতি দিয়ে কোপ দেয় এবং সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি ল্যাপটপ ছিনিয়ে নেয়।
ওসি বলেন, পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ধাওয়া করে দুইজনকে গ্রেপ্তার করে। অপর ছিনতাইকারী মনুকে জনতা আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
তাদের কাছ থেকে দু'টি চাপাতি, একটি এলজি (বন্দুক) ও খোয়া যাওয়া ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24