মানিকগঞ্জ, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সোমবার সকালে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।
এ সময় চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী বাস উভয় ঘাটে আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকেরা কনকনে শীতে দুর্ভোগে পড়েন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি'র আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর রাত থেকে কুয়াশা বাড়তে থাকে। এক পর্যায়ে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা শূণ্য পর্যায়ে নেমে এলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কিছুটা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিদ্যুৎ কুমার আরো জানান, সকাল ১০টা পর্যন্ত উভয় ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস পারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৩৭ ঘ.
bdnews24