পাবনা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোন্দলের জেরে পাবনায় এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত আব্দুল আজিজ সরকার (৩৫) পাবনার ফরিদপুর উপজেলার বালুঘাটা গ্রামের প্রয়াত কায়েমুদ্দিন সরকারের ছেলে।
শনিবার রাতে তাকে অপহরণ করা হয়। রোববার সকালে লাশ পাওয়া যায়।
ভাঙ্গুরা থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধানুয়াঘাটা বাজার থেকে ১০-১৫ জন চরমপন্থি সদস্য আব্দুল আজিজকে অপহরণ করে পাশের ভাঙ্গুড়া উপজেলায় নিয়ে যায়।
রোববার সকাল ৭টার দিকে এলাকার লোকজন ভাঙ্গুড়ার ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার লাশ দেখে পুলিশে খবর দেয়।
চরমপন্থি দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24