ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ও মতিঝিল থানা এলাকা থেকে দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের কল্যাণপুর এগারো নম্বর সড়কে একটি ভবনের দ্বিতীয় তলায় বাসার চৌকির নিচ থেকে সোনিয়ার (২৩) লাশ উদ্ধার করা হয়।
মিরপুর থানার উপ-পরিদর্শক মো. রাকিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার গলায় ওড়না পেচাঁনো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তার ধারণা।
ওই বাড়ির মালিক শামসুল হক পুলিশকে জানান, সোনিয়ার স্বামীর নাম ওমর ফারুক এবং তিনি ফরুকের দ্বিতীয় স্ত্রী। শাকিল নামে তার দেড় বছরের একটি সন্তান আছে। ওমর ফারুক এই বাসায় মাঝে মধ্যে আসতো।
শামসুল হক পুলিশকে বলেন, "শুক্রবার ওমর ফারুক এই বাসায় আসে। রোববার ওই বাসায় কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।"
সোনিয়ার ছেলেটি বাসায় নাই। পুলিশের ধারণা, ফারুক তাকে শ্বাসরোধ করে হত্যার পর শিশুটিকে নিয়ে গেছে।
এদিকে মতিঝিলে ফকিরাপুলের আবাসিক হোটেল জোনাকী থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার বিকাল ৫টার দিকে ওই হোটেলের চতুর্থ তলার ৪০৩ নম্বর কক্ষের বিছানায় লাশ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
মতিঝিল থানার ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মহিলা হোটেলের নিবন্ধন খাতায় নিজের নাম দিলরুবা আক্তার (২৬) লিখেছে। সে একজনকে স্বামী পরিচয় দিয়ে ওই হোটেলে ওঠে।
ওই যুবক তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে ওসি প্রাথমিকভাবে ধারণা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/২১৫৮ ঘ.
bdnews24