বরিশাল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি লঞ্চঘাটের কাছে পিরোজপুর থেকে নলছিটিগামী এমভি মুন্নি সাহা নামে কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দু'জন নিখোঁজ হন।
এরা হলেন- ঝালকাঠির কিরথা গ্রামের মিরাজ হাওলাদার (৪২) ও চাদকাঠি গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩০)।
এ ঘটনায় ওইদিনই পুলিশ কার্গোর তিন কর্মচারীকে আটক করে।
রোববার ওই তিনজনসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মোট ছয়জনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একটি মামলা করেন ট্রলার মালিক হাকিম হাওলাদার।
আটক তিন আসামি হলেন- সুকানী বিপ্লব হোসেন, মাস্টার মোতালেব হাওলাদার ও অয়েলম্যান জাকির ডাকুয়া।
পরে তাদের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঝালকাঠি থানার ওসি উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কার্গোর আটক তিন কর্মচারীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।"
তিনি জানান, নিখোঁজ দুই ট্রলারযাত্রীর এখনো সন্ধান মেলেনি। স্থানীয় লোকজন, পুলিশ ও ডুবুরিরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭২০ ঘ.
bdnews24