বান্দরবান, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে বন্য হাতির আক্রমণে আবার একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় বছরের এক শিশু।
রোববার ভোররাত ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী আহাম্মদ (৩৫) একই এলাকার বাসিন্দা। আহত হয়েছে তার ছেলে আবদুল হক।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে বন্য হাতির একটি পাল আলী আহাম্মদের বাড়িতে ঢুকে পড়লে তিনি ভয়ে চিৎকার করেন। এ সময় হাতির পায়ের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। এক পর্যায়ে আবদুল হককে একটি হাতি শুঁড় দিয়ে দূরে ছুড়ে ফেলে।
ওসি জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এর আগে গত ২৩ ডিসেম্বর একই উপজেলার সদর ইউনিয়নের চেরারকুলে ও বাইশারী ইউনিয়নের বটতলীর নারিচবুনিয়া এলাকায় বন্য হাতির আক্রমণে চারজন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১২৩১ ঘ.
bdnews24