২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে জলদস্যুর গুলিতে নিহত ১

জলদস্যুর গুলিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবনে এক জেলের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

সাতক্ষীরা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলদস্যুর গুলিতে শুক্রবার গভীর রাতে সুন্দরবনে এক জেলের মৃত্যু হয়েছে। মারাত্মক আহত হন চারজন। পশ্চিম সুন্দরবনের শরনখোলা রেঞ্জের হলদিখালি এলাকায় শিবসা ও পশুর নদীর মোহনায় এ ঘটনায় নিহত হন বশিরুল ইসলাম শেখ (২২)। বশির সাতক্ষীরার তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের আবু বাক্কার শেখের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের পাগলা বিশ্বাসের ছেলে গনেশ বিশ্বাস (৪৫), গহর আলীর ছেলে জহুরুল হক (২৫), খুলনার পাইকগাছা উপজেলার কাটিপাড়া গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে শফিকুল ইসলাম গাজী (২৮) ও নয়াকাটি গ্রামের সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাস (৩০)। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন জেলেরা জানান, তারা ২৫ জনের একটি দল মাছ ধরার জন্য শুক্রবার দুপুরে সুন্দরবনের দুবলারচর যাচ্ছিলেন। পথে রাত দেড়টার দিকে হলদিখালির শিবসা ও পশুর নদীর মোহনায় পৌঁছলে তিনটি ট্রলারে আসা জলদ্যুরা প্রতিপক্ষ ভেবে তাদের উপর গুলি চালায়। ৪০/৫০ রাউন্ডের মতো গুলি ছোড়ার পর পাল্টা জবাব না পেয়ে তারা জেলেদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে কাছে এসে এটি জেলেদের ট্রলার জানতে পেরে তারা চলে যায়। জলতস্যুদের গুলিতে বশিরুল ইসলাম শেখ ঘটনাস্থলেই নিহত হন। সদর থানার উপ-পরিদর্শক আলী রেজা বলেন, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.