নরসিংদী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার এক কবরস্থান থেকে শনিবার সন্ধ্যায় ৫২টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার বোমার মধ্যে চারটি পেট্রোল বোমা, বড় আকারের হাতবোমা দুটি, মাঝারি আকারের হাতবোমা ৩২টি এবং ছোট আকারের ১৪টি হাতবোমা রয়েছে।
র্যাব-১১-এর একটি দল নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভুইয়ম বেলাব নামে একটি স্থানের কবরস্থান থেকে বোমাগুলো উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন মেজর আব্দুর রহমান।
বোমাগুলো একটি প্লাস্টিক কন্টেইনারের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা ছিলো।
মেজর রহমান বলেন, "নাশকতার উদ্দেশে সন্ত্রাসীরা বোমাগুলো ওই স্থানে পুঁতে রেখেছিলো। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।"
জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বোমাগুলো শনিবার রাতে নরসিংদী সদর থানায় জমা দিয়েছে র্যাব। ওসি নজরুল ইসলাম জানান, বোমাগুলো রোববার সুবিধাজনক সময়ে নিষ্ক্রিয় করা হবে।
এ ঘটনায় কোনো মামলা হয়নি জানিয়ে ওসি বলেন, "থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৭ ঘ.
bdnews24