ফেনী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর দাগনভূঞা উপজেলায় এক প্রবাসীকে হত্যার পর তার বাঁ চোখ উপড়ে ফেলা হয়েছে।
রামনগর ইউনিয়নের সেকান্দরপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আবুল কালাম (৫৫) সেকান্দরপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্র জানিয়েছে, রোববার (আগামীকাল) আবুল কালামের সৌদি আরব যাওয়ার কথা ছিল।
পুলিশ সুপার মো. ইমাম হোসেন শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালামের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় এনায়েত নগর গ্রামের ভুলু মিয়ার ছেলে কামাল উদ্দিন (৩২)। কালাম এ প্রস্তাব প্রত্যাখান করেন।
শুক্রবার সকালে একদল সন্ত্রাসী কালামকে অপহরণ করে এবং মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
শনিবার সকালে স্থানীয় লোকজন তার লাশ পারিবারিক কবরস্থানে পড়ে থাকতে দেখে।
ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কামাল উদ্দিনের বাবা বুলু মিয়াকে (৫০) আটক করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৬৩৫ ঘ.
bdnews24