সাভার, জানুয়ারী ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক গৃহকর্তা। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার খাতরাপাড়া মহল্লায় ডাকাতির এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান (৪০) মহল্লার হাজী আব্দুল রাজ্জাকের ছেলে।
নিহতের বড়ভাই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুখোশ পরিহিত ১৫-১৬ জন ডাকাত বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ঘরে ঢোকে।
তিনি বলেন, ডাকাতরা প্রথমে সোবাহানের ঘরে ঢুকে আলমারি ভেঙে মালামাল লুট করে। এ সময় সোবহান তাদের বাধা দেয় এবং ডাকাত বলে চিৎকার করলে ডাকাতরা প্রথমে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। একপর্যায়ে ছুরিকাঘাত করে সোবহানকে হত্যা করে।
ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান সামগ্রীসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।
ডাকাতের হামলায় আহত হয়েছেন নিহতের ভাই বোরহান উদ্দিন, তার স্ত্রী হাজেরা খাতুন, নিহতের স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে মারিয়া আক্তার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও নিহতের পরিবারের অভিযোগ, রাতেই সাভার থানা পুলিশকে ফোনে ডাকাতির ঘটনা জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি।
তবে সাভার মডেল থানার ওসি মাহবুবুর রহমান এ অভিযোগ নাকচ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24