বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারদলীয় সাংসদ মনিরুল ইসলাম মনির বাস সার্ভিস বন্ধের দাবিতে বরিশালে অভ্যন্তরীণ সব রুটে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাসমালিকরা।
বরিশাল-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মনিরুলের উজিরপুর-গৌরনদী রুটের বাস সার্ভিস বন্ধের দাবিতে অভ্যন্তরীণ আট রুটে এ ধর্মঘট ডাকা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা বাস মালিক সমিতির সভাপতি শাহ আলম খান।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আফতাব আহম্মেদ।
গৌরনদী উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান বলেন, "শুক্রবার সকাল ছয়টা থেকে বরিশালের সব রুটে একযোগে ধর্মঘট শুরু হবে।"
তিনি জানান, দুই মাস আগে চালু হওয়া এ সার্ভিস বন্ধের দাবিতে সার্ভিস চালুর পরপরই একবার ধর্মঘট ডেকেছিল জেলা বাস মালিক সমিতি।
উজিরপুর উপজেলার সাতলা থেকে গৌরনদীর সানুহার রুটে দুই মাস আগে নিজস্ব বাস সার্ভিস চালু করেন সাংসদ মনিরুল।
সাংসদ মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি নিজে এই রুট পাস করাইনি। উপজেলার সব ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা মিলে এই রুট পাস করেছেন। এখন ধর্মঘট ডাকলে আমার কী করার আছে"।
শাহ আলম বলেন, "আগের ধর্মঘটে জেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে সমস্যার সমাধানে প্রতিশ্র"তি দেয় জেলা প্রশাসন।"
এ সময়ে সমাধান না হওয়ায় আবার ধর্মঘট ডাকা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24