ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি-বেসরকারি সব অফিসে ডিজিটাল পদ্ধতি চালু করে দুর্নীতি ও হয়রানি কমানো সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুল করিম।
এসএমই ফাউন্ডেশনের ডিজিটাল অফিস ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুল করিম এ কথা বলেন।
হোটেল সোনারগাঁওয়ে বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়।
এসএমই ফাউন্ডেশন বাংলাদেশে প্রথম ডিজিটাল অফিস ব্যবস্থাপনা পদ্ধতি চালু করেছে। এর মধ্য দিয়ে ফাউন্ডেশনের সব কাজে ন্যূনতম কাগজের ব্যবহার হবে। পুরো অফিস ব্যবস্থাপনা চলবে ডিজিটাল পদ্ধতিতে।
অভ্যন্তরীণ নেটওয়ার্ক এবং বিশেষ সফটওয়ার ব্যবহার করে অফিসের কার্যক্রম চলবে বলে জানান ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মুজিবুর রহমান।
ভূমি ব্যবস্থাপনা ক্ষেত্রের বিভিন্ন অনিয়ম ও হয়রানির চিত্র তুলে ধরে মুখ্য সচিব বলেন, "সশরীরে উপস্থিত হয়ে কাজ করার কারণে এক্ষেত্রে অনেক হয়রানি ও অনিয়ম হচ্ছে। ডিজিটাল পদ্ধতিতে এ কাজ করার সুযোগ থাকলে হয়রানিও কমে যেত। এতে দুর্নীতিও কমিয়ে আনা সম্ভব হতো।"
ফাউন্ডেশনের চেয়ারপার্সন আফতাব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রেজওয়ানুল কবীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২১২ ঘ.
bdnews24