ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে তৈরি খাদ্য নিরাপত্তা বিনিয়োগ পরিকল্পনা সংশোধন ও পরিমার্জনের পরামর্শ দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কৃষি ও খাদ্য বিষয়ক স্থায়ী প্রতিনিধি আর্থারিন কজিন।
বাংলাদেশ সফররত এ কর্মকর্তা বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে দেখা করে এ পরমার্শ দেন।
আর্থারিন বলেন, "বাংলাদেশের বিনিয়োগ পরিকল্পনায় ২৮টি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে। এ পরিকল্পনায় বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সহায়তা প্রয়োজন।"
আব্দুর রাজ্জাক তাকে জানান, খাদ্য নিরাপত্তাকে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অধিক জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন প্রভাব ও দারিদ্র্য খাদ্য নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও কৃষি গবেষণায় জোর দেওয়া হয়েছে।
তিনি আর্থারিন জানান, গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম' থেকে ইতোমধ্যে বাংলাদেশ ৫২ দশমিক ৫০ মিলিয়ন ডলার সহায়তা পেয়েছে। দ্বিতীয় দফায় পুষ্টিমান নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও আমরা সহযোগিতা চাই।
খাদ্য সচিব বরুণ দেব মিত্র, ইউএসএআইডি'র মিশন ডাইরেক্টর ডেনিস রলিন্স, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি এড. স্পাইকার্স এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২০৮ ঘ.
bdnews24