চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষী হিসেবে এবার জবানবন্দি দিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাব্বীর আলী।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান তার খাস কামরায় ১৬৪ ধারায় দেওয়া এ জবানবন্দি নথিভুক্ত করেন।
সিএমপি'র সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাব্বীর আলী বেলা তিনটা ৪০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৪ পৃষ্ঠার জবানবন্দি দেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটকের সময় সিএমপি কমিশনার ছিলেন সাব্বীর আলী।
মামলার তদন্তকাজে জড়িত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তা সাক্ষী হিসেবে জবানবন্দিতে সেসময় দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বক্তব্য দিয়েছেন।
এর আগে অস্ত্র খালাস ও চোরাচালানের ঘটনায় গঠিত তৎকালীন সরকারি তদন্ত দলের সদস্যসচিব সাবেক ডিআইজি (বিশেষ শাখা) শামসুল ইসলাম, সদস্য সাবেক ডিআইজি (সিআইডি) ফররুখ আহম্মদ ও সদস্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক অবরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এনামুর রহমান চৌধুরী চট্টগ্রাম মহানগর আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
সাবেক স্বরাষ্ট্র সচিব ওমর ফারুক তৎকালীন বিএনপি সরকারের সময় গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন। অন্য সদস্য হলেন এনএসআই'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী।
মামলার তদন্ত সংস্থা সিআইডি ওমর ফারুককে এ মামলায় কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছে। অন্যদিকে রেজ্জাকুল হায়দার চৌধুরী এ মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছেন।
গত রোববার এ মামলার অধিকতর তদন্তের জন্য দশমবারের মতো ৬০ দিন সময় বাড়ায় আদালত।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করে।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এনএসআই'র সাবেক দুই প্রধান, তিন সাবেক কর্মকর্তা, সিইউএফল এর তৎকালীন মহাপরিচালক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করে।
এছাড়া তৎকালীন শিল্প ও স্বরাষ্ট্র সচিব, এনএসআই, ডিজিএফআই, কোস্টগার্ড, নৌ-বাহিনী ও কাস্টমসের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এমআই/২১২৫ ঘ.
bdnews24