২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ হাজার মে. টন চাল-গম কেনার অনুমোদন

খাদ্য মজুদ বাড়াতে আরো ৫০ হাজার মেট্রিক টন গম এবং ৩০ হাজার মেট্রিক টন বাসমতি চাল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য মজুদ বাড়াতে আরো ৫০ হাজার মেট্রিক টন গম এবং ৩০ হাজার মেট্রিক টন বাসমতি চাল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির এক সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং উপ-প্রধান পরিকল্পনা মন্ত্রী একে খন্দকারের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এতে সভাপতিত্ব করেন। ওই দুই মন্ত্রী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয় ও অর্থনৈতিক শাখার উপ-সচিব নূর উর রহমান সাংবাদিকদের জানান, খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গম ও চাল কেনার প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তা অনুমোদন করেছে। এর মধ্যে ৫০ হাজার মেট্রিক টন গম পুনঃদরপত্রের মাধ্যমে কেনা হবে। তিনি জানান, বৈঠকে এক লাখ মেট্রিক টন এমওপি সার কেনার একটি প্রস্তাবও অনুমোদন করা হয়। বেলারুশ থেকে এ সার আমদানি করা হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বেলারুশিয়ান পটাশ কোম্পানির (বিপিসি) মধ্যে হওয়া চুক্তির অধীনে এ সার আমদানি করা হবে। ঘোড়াশালে ২০০ থেকে ৩০০ মেগাওয়াটের পিকিং পাওয়ার প্ল্যান্ট এবং চট্টগ্রাম বন্দরের জন্য বার্থ অপারেটর (কন্টেইনার) নিয়োগের প্রস্তাব বৈঠকে তোলা হলেও তা অনুমোদন পায়নি। পিকিং পাওয়ার প্ল্যান্ট নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন থাকায় এ বিষয়ে কমিটি কোনো সিদ্ধান্ত নেয়নি। মামলা নিষ্পত্তি শেষে পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/পিডি/২০১১ ঘ.