২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামির হাতে বাদি খুন

শরীয়তপুর সদর উপজেলায় এক মামলার আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করতে গিয়ে ওই মামলার বাদি খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:02 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

শরীয়তপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর উপজেলায় এক মামলার আসামি ধরতে পুলিশকে সহযোগিতা করতে গিয়ে ওই মামলার বাদি খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আলমগীর মিয়ার (৪৫) বাড়ি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কীর্তিনগর গ্রামের আবু মিয়ার বাড়িতে আলমগীর নিহত হয়। এতে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। চন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নয়ন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীরের দায়ের করা প্রতারণা মামলার আসামি আবু মিয়া, তার ছেলে হুমায়ূন মিয়া ও হায়দার মিয়া। "ভোর ৬টার দিকে চন্দ্রপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে আবু মিয়ার বাড়ির উদ্দেশ্যে যায় আলমগীর। বাড়ির কাছাকাছি কালাচান বেপারীর বাড়ির ঘাটে পৌঁছে পুলিশকে রেখে সে আবু মিয়া বাড়ি আছে কিনা দেখতে যায় ।" "আবু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আলমগীর তাকে জাপটে ধরে। এ সময় অন্য আসামিরা পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে আলমগীরকে", বলেন নয়ন। তিনি জানান, দুবাই পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আবু মিয়া (৫০), তার ছেলে হুমায়ুন মিয়া (২৫) ও হায়দার মিয়াকে (২০) আসামি করে ছয় মাস আগে মামলা করে আলমগীর। নিহতের ছোট ভাই আবদুস সালাম মিয়াও একই অভিযোগ করেন। চন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলমগীরের ভাই সালাম আমাদের কাছে এসে বলে, আসামি বাড়ি আছে। "আসামির বাড়ির কাছাকাছি গেলে সালাম আমাদের রেখে দৌড়ে আসামির বাড়িতে ঢুকে পড়ে। পরে শুনি একজন লোক মারা গেছে।" সদর উপজেলার পালং থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলমগীর হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/২০০০ ঘ.