বগুড়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি তৎপরতা ও বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় খালাস পেয়েছেন আহলে হাদিস আন্দোলনের আমির আসাদুল্লাহ আল গালিব।
বৃহস্পতিবার বগুড়া জেলা অতিরিক্ত দায়রা জজ-১ এর আদালতের বিচারক নিগার সুলতানা এ রায় দেন।
গালিবের পাশাপাশি খালাস পেয়েছেন একই মামলার আসামি মো. জয়নাল আবেদিন, তার স্ত্রী মনোয়ারা বেগম এবং মো. মুশফিকুল ইসলাম।
আসামি পক্ষের আইনজীবী গোলাম রব্বানী খান রোমান সাংবাদিকদের জানান, ২০০৫ সালের ১৬ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার চক সদুর গ্রামের জয়নালের বাড়ি থেকে পুলিশ প্রচুর পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
ওই ঘটনায় সেদিনই পুলিশ বাদি হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা করে।
এ মামলার শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাইও আসামি ছিলেন। তবে অন্য মামলায় ফাঁসির আদেশ কার্যকর হওয়ায় তাদের আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬৪০ ঘ.
bdnews24