পিরোজপুর, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জেলা তথ্য কর্মকর্তাকে বৃহস্পতিবার ভোরে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৬টায় জেলা তথ্য অফিসের বাইরে এ ঘটনা ঘটে।
আহত তথ্য কর্মকর্তা এম এ খালেক হাওলাদারকে (৫২) খুলনা আড়াইশ' বেডের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই পা ও ডান হাতে দা দিয়ে কোপ দিয়েছে সন্ত্রাসীরা।
হামলার সঙ্গে কার্যালয়ের এক কর্মচারীর যোগসূত্র থাকতে পারে বলে খালেক মনে করছেন। তবে পুলিশের ধারণা, এর সঙ্গে খালেকের স্ত্রী জড়িত থাকতে পারে।
খালেক হাওলাদার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ঢাকায় সারাদেশের জেলা কর্মকর্তাদের একটি অনুষ্ঠান থাকায় দাপ্তরিক কিছু কাজ সারার জন্য ভোরে নামাজের পরপরই কার্যালয়ে যাই। কার্যালয়ে ঢোকার সময় দুইজন সন্ত্রাসী দা ও লোহার রড নিয়ে আমার ওপর আক্রমণ করে।"
তিনি জানান, কয়েক মাস আগে অফিসের সাইন অপারেটর আবুল কালামের দাপ্তরিক কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানালে কালামকে নীলফামারী বদলি করা হয়।
এ ঘটনার জের ধরেই তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন খালেক হাওলাদার।
আবুল কালাম বাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশি ইউনিয়নের বাসিন্দা।
এ বিষয়ে সদর থানার ওসি শেখ আবু যাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবুল কালামের দ্বিতীয় স্ত্রী দেবী (৪০) অজ্ঞাত আরেক যুবককে সঙ্গে নিয়ে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
অভিযুক্ত দেবীর বিরুদ্ধে এর আগেও একটি অপহরণের মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আবু যাহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১৭ ঘ.
bdnews24