গাজীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিনের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে গাজীপুরে।
১৯৮৪ সালের ২৭ সেপ্টম্বর সন্ত্রাসী হামলায় নিহত হন গাজীপুরের কালিগঞ্জের এই আওয়ামী লীগ নেতা।
তার মৃত্যুদিবস উপলক্ষে গাজীপুরে সাতদিনব্যাপী চলছে বিভিন্ন কর্মসূচি।
এর মধ্যে রয়েছে- কোরআন খানি, মিলাদ মাহফিল, র্যালি ও আলোচনা সভা।
এ উপলক্ষে বুধবার গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাবেক সাংসদ আখতারুজ্জামান, ময়েজ উদ্দিনের মেয়ে সাংসদ মেহের আফরোজ চুমকি প্রমুখ।
সাহারা খাতুন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু হত্যার পাঁচ খুনির বিচারের রায় কার্যকর করার মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এই খুনের মামলায় দণ্ডিত অন্য যারা দেশের বাইরে রয়েছে তাদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24