ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসিড ছোড়ার মামলায় বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর ছেলে সাফায়াত আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার গ্রেপ্তারের পর দুপুরে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠায় পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন পুলিশি হেফাজতের আবেদন করেন। তবে হাকিম মো. নজরুল ইসলাম একদিন হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালতে সাফায়াতের পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করেন হাকিম।
বিচারপতির ছেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আসাদুজ্জামানের ছেলে সাব্রি-ই-জামানকে লক্ষ করে এসিড ছোড়ায় মদদ দিয়েছেন।
গত ৫ অগাস্টের ঘটনায় অবসরপ্রাপ্ত উইং কমান্ডার আসাদুজ্জামান বাদি হয়ে গুলশান থানায় মামলা করেন।
সে মামলায়ই সাফায়াতকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের উপকমিশনার একেএম হাফিজ আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
একই মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদের গাড়িচালক শাহীন এবং সাফায়াতের বন্ধু জাহিদ হাসানকে এর আগে গ্রেপ্তার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উপপুলিশ কমিশনার জানান, সাফায়াতের নির্দেশে তারা এসিড হামলা চালিয়েছিলো বলে স্বীকার করেছে।
বনানীর একটি ফার্নিচারের দোকান থেকে সাফায়াতকে গ্রেপ্তার করা হয়।
সাফায়াত এবং সাব্রি ঘনিষ্ঠ বন্ধু ছিলো জানিয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/এইচএ/এমআই/১৬৫৪ ঘ.
bdnews24