২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাম অয়েল মেশানো হাজার লিটার নারকেল তেল জব্দ, জরিমানা

বাগেরহাটে পাম অয়েল মেশানো দেড় হাজার লিটার নারকেল তেল জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পাম অয়েল মেশানো দেড় হাজার লিটার নারকেল তেল জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কাজ করার জন্য একটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। জব্দ তেল একটি পরিত্যক্ত পুকুরে ঢেলে নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। মঙ্গলবার রাতে সদর উপজেলার যাত্রাপুর বাজার সংলগ্ন আল মামুন কোকোনাট অয়েল মিলে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল এবং সরকারি মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের খুলনার সহকারী পরিচালক মৃণাল কান্তি বিশ্বাস এ অভিযানে ছিলেন। ইউএনও শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারজাত করতে টিনজাত এ তেল ট্রাকে তোলা হচ্ছিলো। নারকেল তেলের সঙ্গে পাম অয়েল মেশানোর খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৫৪৮ লিটার ভেজাল নারকেল তেল জব্দ করা হয় জানিয়ে তিনি বলেন, মিলের ব্যবস্থাপক পঙ্কজ কুমার ঘোষসহ তিনজন কর্মচারী নারকেল তেলে পাম তেল মেশানোর কথা স্বীকার করেছেন। মো. আবু জাফর ও মো. আল মামুনের মালিকানাধীন আল মামুন কোকোনাট অয়েল মিলে উৎপাদিত 'স্মৃতিসৌধ মার্কা' টিনজাত এ সব তেল বিপণনকারী প্রতিষ্ঠান মায়েশা এন্টারপ্রাইজের মাধ্যমে বাজারজাত করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে নারকেল তেলে ভেজাল মেশানোর প্রমাণ পাওয়ায় তেল কলটির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে ইউএনও জানান। মৃণাল কান্তি বিশ্বাস বলেন, "রাসায়নিক পরীক্ষার জন্য জব্দ করা তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩৫৪ ঘ.