ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌরসভার সীমানা পুনর্বিন্যাসে ওয়ার্ডওয়ারী জনসংখ্যার তারতম্যের বিধান বিলুপ্ত করে 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধনী) আইন-২০১০' মঙ্গলবার সংসদে পাস হয়েছে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে আইন প্রণয়ন কার্যাবলীতে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিলটি উত্থাপন করেন। পরে বিলটি কন্ঠভোটে পাস হয়।
বিদ্যমান আইনে উল্লেখ রয়েছে যে, পৌরসভার ওয়ার্ড পুনঃবিন্যাসকালে যতদূর সম্ভব ভৌগোলিক সম্পৃক্ততা সংরক্ষণ করতে হবে এবং একটি ওয়ার্ডের লোকসংখ্যা অন্য ওয়ার্ড থেকে ১০ শতাংশের কম বা বেশি হতে পারবে না।
সৈয়দ আশরাফ বিলটি পাসের আগে নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের বক্তব্যের জবাবে বলেন, "স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত আমরা এখনো নিইনি।"
তিনি আরো বলেন, "অতীতে স্বৈরশাসকরা জাতীয় রাজনীতিকে বিরাজনীতিকীকরণের জন্য স্থানীয় সরকারকে বেছে নিয়েছিলো। তারা ক্ষমতা পাকাপোক্ত করতে দলের ব্যানারের বাইরে স্থানীয় সরকার নির্বাচন করেছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারও স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চেয়েছিলো।"
সংশোধিত বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ অনুয়ায়ী নতুনভাবে ওয়ার্ড সীমানা পুনঃনির্ধারণ করা হলে স্থানীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা রয়েছে। সীমানা নির্ধারণে সংক্ষুব্ধ হয়ে কেউ আদালতে মামলা করলে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে। এছাড়া সীমানা পুনঃনির্ধারণ হলে দেশের বহু পৌরসভা বিভক্ত হতে পাওে, যা এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এজন্য বিদ্যমান আইনে সংশোধনী আনা হয়েছে।
বিলের সংশোধনীতে পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের নিবার্চিত হওয়ার ২০ দিনের মধ্যে শপথ গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান আইনে এই সময়সীমা ৩০ দিন।
সেইসঙ্গে নির্বাচনে কোনো প্রার্থী তার মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় অসত্য তথ্য প্রদান বা তথ্য গোপন করে নির্বাচিত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান সংযোজন করা হয়েছে। বর্তমান আইনে এ বিষয়ে কোনো বিধান ছিলো না।
এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী সংসদে 'পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল-২০১০' সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করেন। গত ২১ সেপ্টেম্বর এ বিলটি সংসদে উত্থাপিত হয়।
এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' সম্পর্কে প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন। গত ২৬ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এএনএস/এইচএ/২০২৯ ঘ.
bdnews24