ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায় আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।
চলতি বছরের জুলাই-অগাস্ট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ৮৪৬ কোটি ৩ লাখ টাকা। আদায় হয়েছে ৯ হাজার ৮৩২ কোটি ৪৯ লাখ টাকা।
এই অঙ্ক গত বছরের তুলনায় ২৫ দশমিক ৭৮ শতাংশ বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
প্রথম দুই মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে আমদানি শুল্ক থেকে। ৩ হাজার ৬৭৫ কোটি ১০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪ হাজার ১৩৯ কোটি ৪৮ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ২২ দশমিক ১৩ শতাংশ।
রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে মুল্য সংযোজন কর (ভ্যাট) থেকে। ৩ হাজার ৩৮৯ কোটি ৯৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ভ্যাট আদায় হয়েছে ৩ হাজার ৮২৬ কোটি ১৮ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ৩১ শতাংশ।
আয়কর থেকে ১ হাজার ৭০৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ হাজার ৮০০ কোটি ৮৫ লাখ টাকা। প্রবৃদ্ধির হার ২৫ দশমিক শূন্য ৫ শতাংশ।
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯২ হাজার ৮৪৭ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৫৯০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬০০ ঘ.
bdnews24