ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির চুক্তিকে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত বলে অভিহিত করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বিদ্যুৎ-জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০ সংসদে উত্থাপনকে জাতীয় স্বার্থ বিরোধী সর্বনাশা উদ্যোগ বলে তারা মন্তব্য করেছে।
সরকারের এসব কর্মকাণ্ডের প্র্রতিবাদে বুধবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে এই জাতীয় কমিটি।
কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ মঙ্গলবার সকালে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া-ফুলবাড়ী অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন।
সপ্তাহব্যাপী এই কর্মসূচি আগামী ২৪ অক্টোবর রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হবে। ৩০ অক্টোবর দিনাজপুরের ফুলবাড়ীতে মহাসমাবেশের মাধ্যমে লংমার্চ শেষ হবে।
সংবাদ সম্মেলনের শুরুতে এই জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, "তারা বহুজাতিক কোম্পানির পক্ষে কাজ করছে। দেশের মানুষের কথা তারা ভাবে না। এই সরকার নির্লজ্জ। তাই দেশের স্বার্থ রক্ষায় জনগনকে ঐক্যবদ্ধ করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
তৃতীয় পক্ষের কাছে বাজার দরে গ্যাস বিক্রির বিরোধিতা করে আনু মুহাম্মদ বলেন, "জ্বালানি মন্ত্রণালয় এ ধরণের চুক্তি করে দেশের সর্বনাশেই নিয়োজিত রয়েছে। এই চুক্তির ফলে গ্যাসের দাম বাড়বে। দেশের অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে। দেশের শিল্প ও বিদ্যুৎ খাত আরও বড় প্রতিকুলতার সম্মুখীন হবে।"
তিনি বলেন, "সামগ্রিকভাবে জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সংকট সমাধানের পথে এখন প্রধান প্রতিবন্ধকতা হলো জ্বালানি মন্ত্রণালয়ের ওপর বিদেশী কোম্পানির রাহুর গ্রাস"
জ্বালানি মন্ত্রণালয় গত ২৬ সেপ্টেম্বর তেল কোম্পানি কেয়ার্ণ এনার্জি ও হেলিবার্টনের সাথে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির চুক্তি সই করে।
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০ সংসদে উত্থাপনের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, "এর মাধ্যমে দুর্নীতি ও জাতীয় স্বার্থ বিরোধী তৎপরতাকে প্রশ্নাতীত করার সর্বনাশা উদ্যোগ নেওয়া হচ্ছে।"
লং মার্চ সফল করতে আগামী ১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের সঙ্গে মতবিনিময় করবে জাতীয় কমিটি। এর মধ্যে আছে- ১ অক্টোবর ছাত্র ও যুব সংগঠন, ৩ অক্টোবর নারী ও সাংস্কৃতিক সংগঠন, ৮ অক্টোবর শিক্ষক-আইনজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দ, ১২ অক্টোবর কৃষক শ্রমিক ক্ষেতমজুর সংগঠন ও ১৩ অক্টোবর সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়। সবগুলো মতবিনিময় হবে মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, গণফ্রন্টের আহবায়ক টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতির আবদুস সালাম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির রাগিব আহসান মুন্না উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৪৭ ঘ.
bdnews24