২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে সংঘর্ষে আহত ২৫, ছাত্রদলের ধর্মঘট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 03:34 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এদিকে হামলার অভিযোগ এনে ছাত্রদল মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অবিরাম ধর্মঘট ডেকেছে। এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে দুইঘণ্টা তল্লাশি চালানো হয়। তবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। ছাত্রদল ও শিবিরের দাবি, ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু ছাত্রলীগ তা অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে দুপুরে ছাত্রলীগ ছাত্রশিবির ও ছাত্রদলের কর্মীদের ওপর হামলায় চালালে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে ছাত্রদল সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদসহ পাঁচ-ছয়জন কর্মী ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় বসে শেখ হাসিনা সম্পর্কে খারাপ মন্তব্য করে। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়। এ সময় তারা এক শিক্ষকের কক্ষে আশ্রয় নেয়। পরে ছাত্রলীগ নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রশাসন ভবন এলাকায় শিবির কর্মীদের ওপর হামলা চালালে বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি শাহিনুর ও সাদ্দাম হল শাখা শিবির সাধারণ সম্পাদক মাসুদসহ পাঁচজন আহত হন। দুপুর দেড়টার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীরা আবার সাদ্দাম হোসেন হলে হামলা চালালে ছাত্রলীগ ও শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে তাদের ইট-পাটকেল নিক্ষেপ চলে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। ছাত্রদল সভাপতি ওমর ফারুক বলেন, কোনো রাজনৈতিক ইস্যু ছাড়াই ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর সশস্ত্র হামলা চালায়। এর বিচারের দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছেন। বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি শাহিনুর রহমান বলেন, টেন্টে তাদের শান্তিপূর্ণ অবস্থানে ছাত্রলীগ অতর্কিতে হামলা চালায়। এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন হামলার কথা সরাসরি স্বীকার না করে বলেন, ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র বা বিস্ফোরক উদ্ধার করা যায়নি। কয়েকটি লাঠি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.