ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চলতি বছরের প্রথম ছয় মাসে দিনে গড়ে ১০টি খুনের ঘটনা ঘটেছে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে এক হাজার নয়শ ৫১টি খুন হয়েছে। এছাড়া এক হাজার পাঁচশ ৮৬টি ধর্ষণসহ সারা দেশে সাড়ে ১৭ হাজার অপরাধ সংঘটিত হয়েছে।
ফেনী-২ আসনে বিএনপি'র সাংসদ জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে এতথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পাঁচ হাজার একশ ৪১টি অস্ত্র ও ৩৪ হাজার আটশ ৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত এক হাজার ছয়'শ নারী ও শিশু পাচার হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের শুরু থেকে ৩০ জুন পর্যন্ত ১১টি শ্রেনীতে সারাদেশে ১৭ হাজার পাঁচশ ৭৭টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে নারী নির্যাতন সাত হাজার দুশ ৮৫টি।
এছাড়া চার হাজার একশ ৩৩টি চুরি, সাতশ ৫৪টি শিশু নির্যাতন, চারশ ৯৬টি দস্যুতা, চারশ ৭৬টি গবাদি পশু চুরির ঘটনা, চারশ দুটি অপহরণ, তিনশ ৬২টি ডাকাতি, ৮২টি দাঙ্গা এবং ৫০টি এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানান সাহারা খাতুন।
মন্ত্রী আরো জানান, অপরাধ দমনে থানায় ওপেন হাউজ ডে কার্যক্রম গ্রহণের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা, চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার, সন্দেহভাজন পলাতক আসামিদের ওপর নজরদারি জোরদার এবং পুলিশি টহল বৃদ্ধিসহ আরো কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুসের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ১ হাজার ৬০৭ জন নারী ও শিশু বিভিন্ন দেশে পাচার হয়েছে। পাচারের সঙ্গে জড়িত থাকায় আটজনের মৃত্যুদণ্ডসহ তিনশ আটজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীী জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৫ হাজার ১৪১টি অন্ত্র এবং ৩৪ হাজার ৮৮২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত পুলিশ বাহিনিতে এসআই এবং কনস্টেবল পদে চার দফায় চার হাজার দুইশ ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে পুলিশের জনবল এক লাখ ৩৭ হাজার নয়শ ২৭ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২০০৯ ঘ.
bdnews24