ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দেশের কারাগারে দু'হাজার চার'শ ৫৯ জন বাংলাদেশি আটক আছে। এর মধ্যে সবচেয়ে বেশি মালয়েশিয়ায়। সংসদে এ তথ্য প্রকাশ হয়েছে।
সংসদে সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদের প্রশ্নের উত্তরেব পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে লিখিতভাবে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় আটশ ৪৩ জন, সংযুক্ত আরব আমিরাতে তিনশ ৭৫, যুক্তরাজ্যে একশ ৮৮, সিঙ্গাপুরে একশ ৮০, আলজেরিয়ায় একশ ৭৩, ওমানে একশ ৬১, কাতারে একশ ২৫, লিবিয়ায় ৮২, গ্রীসে ৭৮, লেবাননে ৪৯, ইরানে ৪৩, সাইপ্রাসে ২৪, তুরস্কে ২২, পাকিস্তান ও জর্ডানে ১৯ জন করে, দক্ষিণ আফ্রিকায় ১৬, কোরিয়ায় ১২, তানজানিয়া ও চীনে আটজন করে, মিশর ও জাপানে সাতজন করে, ফ্রান্সে পাঁচজন, মরক্কোয় তিনজন, শ্রীলঙ্কায় দু'জন এবং ব্র"নাই, কানাডা, রোমানিয়া, ইন্দোনেশিয়া, সিরিয়া, নেদারল্যান্ড এবং পোলান্ডে একজন করে বাংলাদেশি আটক আছে।
একই প্রশ্নের জবাবে জানানো হয়, বন্দি বাংলাদেশিদের মুক্ত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো নিয়মিত খোঁজ নিচ্ছে।
আকামা জটিলতা দূর করতে কাজ চলছে
প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির পক্ষে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ জানান, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আকামা জটিলতা দূর করতে সরকার কাজ করছে।
সরকারি দলের সাংসদ ফজলে রাব্বি মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, "প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করে আসার পর এ বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়।"
তিনি জানান, ইতিমধ্যে কিছুকিছু ক্ষেত্রে আকামা নবায়নও করা হচ্ছে। তাছাড়া ফ্যামিলি ভিসাসহ অনেকগুলো জটিলতাই ইতিমধ্যেই সহজ করা হয়েছে। আগে যেখানে ২১ বছর হলে ছেলে-মেয়েদের চলে আসতে হতো, এখন তারা সেখানেই থাকতে পারছেন। পর্যায়ক্রমে এসব বিষয় আরো সহজ এবং স্বাভাকিব হবে।
হাছান জানান, এই সমস্যা শুধু বাংলাদেশের নয়। সৌদি আরবে তাদের নিজস্ব কিছু নিয়ম-কানুন আছে। সেগুলো তারাই প্রয়োগ করে থাকে। এ জন্য যে কেবল বাংলাদেশের নাগরিকদেরই সমস্যা হচ্ছে তা নয়। আরো অনেকে দেশের নাগরিকদেরই সমস্যা রয়ে গেছে।
সম্পূরক প্রশ্নে ফজলে রাব্বি মিয়া বলেন, "সৌদি আরবে রোহিঙ্গারা বাংলাদেশি পরিচয়ে নানা অপকর্ম করছে।" এর উত্তরে হাছান মাহমুদ বলেন, "চারদলীয় জোট সরকারের সময় রোহিঙ্গাদের বাংলাদেশি বানাতে পাসপোর্ট দেওয়া হয়। ওই সময় কোটি কোট টাকা নিয়ে তাদের সৌদি আরব যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। এজন্য তারাই দায়ী।"
ভারতের ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা প্রসঙ্গে আরেক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে হাছান মাহমুদ বলেন, "এ বিষয়ে সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। ইতিমধ্যে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
নানা দেশে দূতাবাস কনস্যুলেট হচ্ছে
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মো. মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ জানান, চলতি অর্থবছরে আফগানিস্তানের কাবুল, সিয়েরা লিয়নের ফ্রিটাউন, নাইজেরিয়ার লিসবন, মরিশাসের পোর্ট লুইস, লেবাননের বৈরুত, চীনের কুনমিন, ইতালির মিলান, মেক্সিকো এবং ডেনমার্কে পূর্ণাঙ্গ দূতাবাস বা কনস্যুলেট স্থাপন এবং ব্রাজিল, আলজেরিয়া, পোলান্ড ও রোমানিয়ায় বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়া মিশন পুনঃস্থাপনে প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়া হয়েছে।
এছাড়া ভারতের মুম্বাই, চেন্নাই ও গৌহাটিতে উপ-দূতাবাস খোলার কার্যক্রমও নেয়া হয় বলে জানান তিনি। অস্ট্রিয়ার ভিয়েনায় প্রস্তাবিত মিশন খোলার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।
হাছান মাহমুদ আরো জানান, ২০১০ সালেই সুদানের খার্তুমে কূটনৈতিক মিশন চালুর ব্যাপারে সব অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৩২ ঘ.
bdnews24