২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনে এক রিক্সাচালকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ বলছে মাদকাসক্ত ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুলিশ হেফাজতে নির্যাতনে এক রিক্সাচালকের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। পুলিশ বলছে মাদকাসক্ত ওই ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিল। বায়েজীদ থানার নাসিরাবাদ বার্মা কলোনি এলাকার বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস (৩৫) রোববার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে ইদ্রিসের লাশ তার পরিবারকে দেয়া হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে গুরুতর আঘাতের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। বায়েজীদ থানার ওসির দায়িত্বে থাকা দ্বিতীয় কর্মকর্তা এসআই হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ১৪ সেপ্টেম্বর একটি মটর সাইকেল চুরির ঘটনায় তাকে দীপক নামে আরেক সহযোগীসহ বায়েজীদ থানার নাসিরাবাদ আনন্দ বাজার এলাকা গ্রেপ্তার করে। পরদিনই ইদ্রিসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এসআই হুমায়ুন। বিবাহিত ইদ্রিসের দুটি কন্যা সন্তান রয়েছে। ইদ্রিসের মা নূরজাহান বেগম সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ টাকার জন্য নির্যাতন করায় ছেলে অসুস্থ হয়ে মারা গেছে।" তবে তিনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন না। বায়েজীদ থানা পুলিশ ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ দাবি করেছে, অতিরিক্ত মাদকাসক্ত হওয়ায় ইদ্রিস আগে থেকেই অসুস্থ ছিল। গ্রেপ্তারের পরদিনই কারাগারে পাঠানোর দাবি পুলিশের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারারক্ষক আবু মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইদ্রিস মাদকাসক্ত ছিল। মাদকের অভাবে অসুস্থ হয়ে পড়লে ২০ সেপ্টেম্বর তাকে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়।" শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শনিবার সকালে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানান মুসা। তিনি বলেন, "১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়ই রোববার সকালে ইদ্রিসের মৃত্যু হয়।" তাকে নির্যাতন প্রসঙ্গে উপ-কারারক্ষক বলেন, "মামলার আসামি অসুস্থ অবস্থায় থাকলে কারা কর্তৃপক্ষ সাধারণত তাকে গ্রহণ করে না। এছাড়া কারাগারে ঢোকার সময় তিনি সুস্থ ছিলেন। মাদকাসক্ত হওয়ায় ইদ্রিস অসুস্থ হয়ে পড়েন।" বায়েজীদ থানার ওসির দায়িত্বে থাকা দ্বিতীয় কর্মকর্তা এসআই হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইদ্রিসকে মারধর করা হয়নি। এছাড়া তাকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে সেদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।" তিনি বলেন, "কারা কর্তৃপক্ষ কখনো অসুস্থ বন্দি গ্রহণ করেন না। আমরা সুস্থ অবস্থায়ই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি।" এছাড়া ইদ্রিসের মৃত্যুর পর কারা কর্তৃপক্ষের দেওয়া প্রতিবেদনেও মাদকাসক্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি। মায়ের দাবি মারধরে ছেলে মারা গেছে ইদ্রিসের মা নূরজাহান বেগম অভিযোগ করেন, "পুলিশ টাকার জন্য ইদ্রিসকে মারধর করায় সে অসুস্থ হয়ে মারা গেছে।" তিনি বলেন, "এনার্জি বাল্ব চুরির অভিযোগে আমার ছেলে ও দীপক নামে আরো একজনকে গ্রেপ্তার করে।" গ্রেপ্তারের পর থানায় গেলে কয়েকজন পুলিশ সদস্য (তবে তিনি তাদের নাম বলতে পারেননি) তার ছেলেকে ছাড়িয়ে নেয়ার জন্য চার হাজার টাকা দাবি করে বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, তিনি পরদিন আদালতে গিয়ে ইদ্রিসের জামিন নেয়ার চেষ্টা করলেও তা মঞ্জুর হয়নি। এছাড়া কারাগারে থাকা অবস্থায় তিনি বা তার পরিবারের সদস্যরা কেউই ইদ্রিসকে দেখতে কারাগারে যাননি বা খবর নেননি। ২৫ সেপ্টেম্বর কারাগার থেকে ফোনে তিনি খবর পান ইদ্রিসকে চমেক হাসপাতলের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে ছেলেকে অসুস্থ দেখতে পান। তিনি জানান, ইদ্রিস মাদকাসক্ত ছিলেন কি না এ বিষয়ে তিনি কিছু জানেন না। এ ঘটনায় তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করবেন না উল্লেখ করে আল্লাহর কাছে বিচার দাবি করেন। ইদ্রিসের মৃত্যুর পরপরই চট্টগ্রাম জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইদ্রিসের সুরতহাল প্রতিবেদন দেন। এতে তার পা ও পেটের কয়েকটি অংশে ছেঁছড়া জখম ও চোখ-মুখ সামান্য ফোলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া তার শারীরবৃত্তিয় প্রক্রিয়াও স্বাভাবিক ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৮৩২ ঘ.