চাঁদপুর, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনায় জেলে নৌকায় ডাকাতি হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জেলের নাম মহসিন (২৫)। কোস্টগার্ড এবং পুলিশ রোববার রাতে ও সোমবার সকালে মেঘনায় তল্লাশি চালিয়ে তার সন্ধান করতে পারেনি।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির হাবিলদার নজরুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার সফরমালী এলাকায় মেঘনা নদীতে একটি জেলে নৌকায় ডাকাতরা হামলা চালায়। এ সময় জীবন বাঁচাতে জেলে রাসা মোল্লা (৩০), লালু (২৮) ও মহসিন নদীতে লাফিয়ে পড়ে। রাসা ও লালু তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু মহসিনের খোঁজ মিলছে না।
রোববার রাত ১২ টার দিকে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তারা মহসিনকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে। কিন্তু সোমবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত মহসিনের খোঁজ পাওয়া যায়নি।
হাবিলদার নজরুল জানান, ডাকাতদের ধরার জন্য চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩২২ ঘ.
bdnews24