২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর-বিএসএফ সম্মেলন সমাপ্ত

বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সোমবার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সোমবার শেষ হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় বিডিআর সদরদপ্তরে পাঁচ দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলন শেষে বৃহস্পতিবার দুপুরে সেখানে এক সংবাদ সম্মেলন হয়েছে। এতে জানানো হয়, বন্ধুপ্রতীম দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে আলোচনায় বেশ কয়েকটি বিষয় স্থান পেয়েছে। এগুলোর মধ্যে ছিলো- সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা বা আহত করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, বাংলাদেশের জমিতে জোরপূর্বক চাষাবাদের প্রচেষ্টা, বাংলাদেশিদের অবৈধভাবে গ্রেপ্তার-অপহরণ ও আন্তঃসীমান্ত মাদক চোরাচালান বন্ধ করা; সীমান্তরেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের নির্মাণ ও মেরামত কাজ না করা এবং দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় ও তৎপরতা বন্ধে উদ্যোগ গ্রহণ। সম্মেলনে ২২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। ভারতের ২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বিএসএফ মহাপরিচালক শ্রী রমন শ্রীবাস্তভা। বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতের প্রতিনিধিদলটি বুধবার ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ প্রতিনিধিদলে বিডিআরের উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশনস ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার, বিডিআর সদরদপ্তরের স্টাফ অফিসার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং যৌথ নদী কমিশনের কর্মকর্তারা ছিলেন। ভারতীয় প্রতিনিধিদলে ছিলেন বিএসএফ সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, সে দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিএসএফ মহাপরিচালকের স্ত্রী তাদের সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/১২৫৯ ঘ.