২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙা শিল্প উচ্ছেদের পরিকল্পনা নেই: হাছান মাহমুদ

জাহাজ ভাঙা শিল্প উচ্ছেদে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙা শিল্প উচ্ছেদে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, "দেশের লোহার অধিকাংশই আসে এই শিল্প থেকে। আমরা চাই, জাহাজ ভাঙা শিল্প যেন পরিবেশ সংরক্ষণ করেই চালু থাকে। সরকার জাহাজ ভাঙার জন্য আলাদা একটি জোন করে দিতে চায়।" "দেশের পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করে ট্যানারি শিল্প। এজন্য তো আর সরকার ট্যানারি শিল্প উচ্ছেদ করবে না," বলেন হাছান মাহমুদ। বর্তমানে জলবায়ুর পরিবর্তন শিল্প বিপ্লবের ফল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, শিল্প বিপ্লব না হলে জলবায়ু পরিবর্তন হতো না। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের বনজ সম্পদ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য নিধন হয়ে যাওয়া সাত লাখ ৫৮ হাজার একর বনভূমিতে নতুন করে সামাজিক বনায়ন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/২৩৪৩ঘ.